প্রায় ৫২ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র কঠিন শিলা খনি—দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।
বিস্ফোরকের সংকটে গত ১৯ মে থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। তখন খনি কর্তৃপক্ষ জানিয়েছিল, বিস্ফোরক পৌঁছানোর ১৫ দিনের মধ্যে উৎপাদন শুরু করা হবে। তবে বিভিন্ন জটিলতায় সেই প্রক্রিয়া বিলম্বিত হয়।
অবশেষে চলতি সপ্তাহের শেষ দিকে প্রয়োজনীয় বিস্ফোরক খনিতে পৌঁছায়। এরপর শনিবার সকাল থেকে উৎপাদন কার্যক্রম শুরু করে খনির উৎপাদন ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি।
দেশি-বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার শ্রমিকের কর্মসংস্থান রয়েছে এই খনিতে। প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উৎপাদন হয় এখানে। উৎপাদন বন্ধ থাকলেও এ সময় পাথর বিক্রি অব্যাহত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন : সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সা/


