কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে আহত মামুন মোল্লা (৩৮) নামে এক যুবক মারা গেছেন। আজ শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
শুক্রবার বিকেলে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ও চুরির অপবাদ দিয়ে নিহত মামুন মোল্লার উপর হামলা করে তার চাচাতো ভাইয়েরা। একই ঘটনায় আহত হয়ে তার পিতা মোজা মোল্লা (৭৫) কুষ্টিয়া জেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আর শনিবার মামুন মোল্লার মৃত্যুর খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লা (৩৫) নামে ভাই দুজনকেকে আটক করে থানায় নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় জাব্বার মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা করা হয়। এসময় ঘটনাস্থলে একটি টর্চলাইট পড়ে থাকতে দেখে সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইয়েরা। এসন্দেহের জের ধরে গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে শুকারঘাট এলাকায় মামুন মোল্লাকে একা পেয়ে জাব্বার মোল্লা ও তার ভাইয়েরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠি ও লোহার শাবল দিয়ে মামুন মোল্লার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মামুন মোল্লাকে রক্ষা করতে তার পিতা মোজা মোল্লা ঘটনাস্থলে ছুটে আসলে তাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে আজ শনিবার (১১ জুলাই) ভোররাতে মামুন মোল্লার মৃত্যু হয়।
নিহত মামুনের ভাগ্নে সৌরভ জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে মামা ও নানার জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছিল। গরু চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মামা মামুন মোল্লার ওপর হামলা চালানো হয়। সেই হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, চাচাতো ভাইদের হামলায় মামুন মোল্লা নিহত হয়েছেন এবং তার বাবা মোজা মোল্লা কুষ্টিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে নিগতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মোল্লা ও জাব্বার মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন:প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় দেশের ভাল করার চেষ্টায় আছেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ইমি/


