বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী এবং সাধারণ পথচারীরা।

বিজ্ঞাপন

রোববার ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত রাজধানীতে অঝোরে বৃষ্টি হয়। এর ফলে পল্টন, আরামবাগ, ফকিরাপুল, গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ-২, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। একইভাবে মতিঝিল, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং মোড়, মিরপুরের কাজীপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়কেও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হয়।

সকালে কর্মস্থলে যাওয়ার সময় রাজধানীবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। আদাবর থেকে কারওয়ান বাজারগামী অনেককে মোহাম্মদপুর থানা এলাকা এবং ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়কের পেছনের অংশে হাঁটুপানি অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। বিভিন্ন আবাসিক এলাকার ছোট সড়ক ও গলিতেও পানি জমে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

টানা বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। জলাবদ্ধতার প্রভাবে যান চলাচল ব্যাহত হওয়ায় যানজটের আশঙ্কাও তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে এ সময়ের মধ্যে সর্বোচ্চ। এছাড়া শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থা এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এরই প্রভাবে রাজধানীতেও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, রোববার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

এদিকে, জলাবদ্ধতার কারণে রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ তাদের নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, টানা বর্ষণের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। ইতোমধ্যে সাতটি জেলায় বন্যা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হলেও শনিবারের তুলনায় সেখানে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে।

পড়ুন: বান্দরবানে কমেছে বৃষ্টি, নামছে পানি; কাটেনি দুর্ভোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন