বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা, উচ্চ পরিচালন ব্যয় এবং দেশের অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের কারণে ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন রাজধানীর ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। এসব সংকট উত্তরণে ব্যবসা পরিচালন ব্যয় কমানো, সরকারি সেবায় অটোমেশন, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস, এলসি খোলার প্রক্রিয়া সহজ করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
এ লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করে। রাজধানীর নিউ ধানমন্ডি কনভেনশন হলে অনুষ্ঠিত এ সভায় ধানমন্ডি-মোহাম্মদপুর এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। সভায় স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাট-সংক্রান্ত অস্পষ্টতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা পরিচালনায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের বিক্রি ও টার্নওভার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো ব্যবসা খাতে।
সভায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, ব্যবসায়ীদের সেবা সহজ করতে শিগগিরই ঢাকা চেম্বারে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তারা এক জায়গা থেকেই সহজে লাইসেন্স-সংক্রান্ত সেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
এদিকে ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ ব্যবসায়ীদের মূলধন ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা বলেন, সরকারের জন্য কর আহরণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ব্যবসাবান্ধব প্রণোদনাও সমান জরুরি। এ দুই বিষয়ের মধ্যে ভারসাম্য রেখে ব্যবসা সহজ করার লক্ষ্যে এনবিআর কাজ করে যাচ্ছে।
সভায় অংশ নেওয়া ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, তাদের উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে এবং দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি ফিরবে।
পড়ুন:বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, পানিতে তলিয়েছে কোটি টাকার আমদানি পণ্য
ইমি/


