নওগাঁর নিয়ামতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার প্রধান প্রধান সড়কে পদযাত্রা শেষে উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন স্থানে অস্থায়ী মঞ্চে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তব্যের শুরুতে চট্টগ্রামে আকস্মিক বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাসির উদ্দিন পাটোয়ারী।
তিনি বক্তব্যে বলেন, “স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে নির্বাচন করবো। আমাদের সঙ্গে থাকতে হলে কোনো অন্যায়ের সঙ্গে থাকা যাবে না। আমাদের কোনো প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তার প্রার্থিতা বাতিল করা হবে।”
তিনি আরও বলেন, “যখন বাংলাদেশের মানুষ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি দেখতে পাচ্ছি। আমি এর ধিক্কার জানাই।”
বক্তব্যের মধ্য দিয়ে তিনি এনসিপির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদের পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

