ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী খোশালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী তুলে দেয় ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে সৃষ্ট দুর্ভোগের কথা বিবেচনা করে সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়। এলাকার অসহায় ও দুস্থ ১০০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে ৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াছিন হাবিব হাসান ও সহকারী পরিচালক ইমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে ও মানবিক সংকটে বিজিবি সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।
পড়ুন:রাজশাহীর চিড়িয়াখানার ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী
ইমি


