বিশ্বকাপের প্রথম সেমিফাইনালকে ঘিরে মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে কথার লড়াইয়ে। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল বলেছিলেন, ভয় পাওয়ার কথা থাকলে সেটা ফ্রান্সের। তার সেই মন্তব্যের জবাব দিয়েছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কনাতে।
বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ইয়ামাল বলেছিলেন, ‘কারও ভয় পাওয়ার কথা থাকলে সেটা ফ্রান্সের। ইউরোতে আমরাই তাদের বিদায় করেছিলাম।’
রোববার সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে কনাতে বলেন, স্পেনকে তারা যথেষ্ট সমীহ করলেও ভয় পাচ্ছেন না।
তিনি বলেন, ‘কাউকেই ভয় পাওয়া যায় না। আমরা নিজেদের যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুত করব এবং আশা করব শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই আসবে।’
স্পেনের শক্তিমত্তার প্রশংসাও করেন এই ফরাসি সেন্টারব্যাক। তার মতে, প্রতিপক্ষের দলে অনেক ব্যক্তিগত নৈপুণ্যসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। তবে পরিকল্পনা শুধু লামিনে ইয়ামালকে ঘিরে নয়।
কনাতে বলেন, ‘স্পেন অসাধারণ একটি দল। তাদের অনেক ব্যক্তিগত নৈপুণ্যসম্পন্ন খেলোয়াড় আছে। লামিনে দুর্দান্ত খেলোয়াড়, তবে আমরা শুধু একজনকে নিয়ে ভাবছি না।’
বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র ছাড়া বাকি সব ম্যাচেই জয় পেয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। তাই ভয় নয়, প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে সচেতন থাকার কথা জানিয়েছেন ফ্রান্সের আরেক ডিফেন্ডার ম্যাক্সেন্স লাক্রোয়া।
লাক্রোয়া বলেন, ‘ভয় শব্দটি ব্যবহার করব না। তবে তাদের মান সম্পর্কে আমরা সচেতন। আমরা তাদের সম্মান করি, কিন্তু ম্যাচটি জিততে চাই। লামিনে এই বিশ্বকাপে দেখিয়েছে, সে দলগুলোর কতটা ক্ষতি করতে পারে। তাকে আটকাতে প্রয়োজনীয় সব কাজই আমরা করব।’
সাম্প্রতিক দুই বড় সেমিফাইনালেই স্পেনের কাছে হেরেছে ফ্রান্স। ইউরো ২০২৪-এর শেষ চারে ফরাসিদের ২-১ গোলে হারিয়েছিল স্পেন। এরপর গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালেও দিদিয়ের দেশমের দলকে বিদায় করে তারা।
তবে বিশ্বকাপে ফ্রান্সের সাম্প্রতিক রেকর্ড বেশ সমৃদ্ধ। গত সাত আসরের চারটিতে ফাইনালে উঠেছে তারা। ২০১৮ সালে শিরোপা জয়ের পর ২০২২ সালে রানার্সআপ হয়েছিল ফরাসিরা। এবার টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার সুযোগ তাদের সামনে।
ডালাস স্টেডিয়ামে ফ্রান্স ও স্পেনের মধ্যকার সেমিফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ১টায়।
পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা
আর/


