সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। তাদের দাবি, দক্ষিণ-পূর্ব ইরানের বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোন শনাক্ত করার পর সেটিকে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়।
ইরানের সেনাবাহিনীর এক বিশেষ বিবৃতিতে বলা হয়, দেশের আকাশসীমা নিরাপদ রাখা এবং শত্রুভাবাপন্ন দেশের আক্রমণ প্রতিহত করার দায়িত্ব পালনকালে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ড্রোনটি ভূপাতিত করে।
ইরানের এই দাবি এমন এক সময়ে এলো, যার কয়েক ঘণ্টা আগে মার্কিন বাহিনী বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে নতুন দফায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় তেহরান ও মাশহাদের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। একই সঙ্গে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা দ্বিপক্ষীয় চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা
আর/


