জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ‘ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব’ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন প্রধান অতিথি হিসেবে ল্যাবটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, ফ্যাক্ট-চেকিং ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), ডিজিটাল সাংবাদিকতা এবং গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম ও উদ্ভাবনী উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবে।
তিনি বলেন, “আমরা লোভ দেখানো চুক্তি থেকে দূরে থাকি। গত এপ্রিল মাসে চুক্তি করেছি, আর আজ সেই চুক্তির বাস্তবায়ন হিসেবে ল্যাব উদ্বোধন করতে পেরে সত্যিই আনন্দিত। কথায় নয়, কাজে বিশ্বাসী হতে হবে।”
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই এই পেশায় এসে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন করলেই চলবে না; ইতিবাচক ও সত্যনিষ্ঠ সংবাদকেও গুরুত্ব দিতে হবে। প্রতিটি সংবাদ প্রকাশের আগে অবশ্যই ফ্যাক্ট-চেক করতে হবে। অপসাংবাদিকতা থেকে বেরিয়ে এসে একজন আদর্শ সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সমালোচনা অবশ্যই করতে হবে, তবে তা যেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে দোষারোপ করার জন্য না হয়।”
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “তোমরা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে কাজ করবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে সত্যতা যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন এবং ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এছাড়া বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এমআরডিআই-এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাব সমৃদ্ধকরণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। ওই চুক্তির আওতায় এমআরডিআই বিভাগটিকে ৮টি ডেস্কটপ কম্পিউটার এবং একটি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র প্রদান করেছে।
পড়ুন:জামালপুরে নদী ভাঙনের শিকার পরিবারের মধ্যে ৩৫ বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
ইমি


