বিজ্ঞাপন

যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালনে নেত্রকোনায় কর্মসূচি গ্রহণ

আসন্ন ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় দিবসটি পালনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি তার বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে তিনি আহতদের ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। আমাদের জাতীয় জীবনে এই দিনটি সবসময় অনন্য হয়ে থাকবে এবং নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য সঠিকভাবে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব।”

দিবসটি পালনে জাতীয় নির্দেশনার আলোকে সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ জুলাই সকাল ৭টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১টায় জেলা পর্যায়ে বিশেষ আলোচনা সভা, সুবিধাজনক সময়ে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ স্মরণ সভার আয়োজন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল ইমরান, মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান, জিপি এডভোকেট মাহফুজুল হক এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

সভায় শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাগণ, জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে কর্মসূচিগুলো সফল করার বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : দৌলতপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন