তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী। রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. শাহরিয়ার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইন-চার্জের (ওসি) পক্ষে পুলিশ অফিসার সুব্রত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, দেশের এক বিশাল অংশ জুড়ে রয়েছে তরুণ সমাজ। এই তরুণ প্রজন্মের সম্ভাবনা ও আশা-আকাঙ্ক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিকল্পিত পরিবার গঠন এবং তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি বিশেষ জোর দেন।
সভাপতির বক্তব্যে ডা. মো. শাহরিয়ার শামীম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিকল্পিত পরিবার ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। তরুণেরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের সকলের দায়িত্ব।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন:এমপিকে দিয়ে উদ্বোধনের পর সড়কের ইট বিক্রি
ইমি/


