অবৈধভাবে অবস্থানকারীদের কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা গুরুতর অপরাধ। এ অপরাধের জন্য সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ লাখ টাকারও বেশি।
জরিমানার পাশাপাশি অপরাধীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। একই সঙ্গে তাকে সৌদি আরব থেকে নির্বাসন দেওয়া হবে এবং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবাসন ও শ্রমবিষয়ক আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করা এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়ের বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কোনো ঘটনা সন্দেহজনক মনে হলে তা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
এ জন্য ২৪ ঘণ্টা চালু থাকবে একটি হটলাইন। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন। দেশের অন্য সব অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমিয়ে আনতেই এ কঠোর পদক্ষেপ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করছে। এ অভিযানের মধ্যেই নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে।
পড়ুন: ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি
আর/


