সদ্য ঘোষিত চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে উত্তর ফটিকছড়ির ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নারায়নহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় নারায়নহাট আদর্শ ডিগ্রি কলেজ ও হেয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও সংহতি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর পশ্চিম ভুজপুরে না রেখে নারায়নহাট ও দাঁতমারার মধ্যবর্তী জুজখোলা মৌজায় স্থাপন করতে হবে। তাদের দাবি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যাতায়াত সুবিধা ও প্রশাসনিক সেবার দিক থেকে জুজখোলা মৌজাই উত্তর উপজেলার জন্য সবচেয়ে যৌক্তিক স্থান।
উত্তর ফটিকছড়ির শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়।
পড়ুন:আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু
ইমি/


