মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচি থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগও তোলা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় কাবিলগঞ্জ নতুন মসজিদ সংলগ্ন সড়কে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় যুবক, মুরব্বি ও সর্বস্তরের জনগণ দল-মত নির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দা ইমাম হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ক্যান্সার। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
ইমাম হাসান অভিযোগ করে বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বলায় আমাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে, যাতে আমরা প্রতিবাদ বন্ধ করে দিই। কিন্তু কোনো হুমকি-ধমকি আমাদের দমাতে পারবে না। কাবিলগঞ্জবাসী অতীতেও মাদকের বিরুদ্ধে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও এই লড়াই চলবে।”
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
এ সময় অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন” এবং “মাদক সমাজের ক্যান্সার” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
পড়ুন : বাঁশখালীতে ৬৭৬ বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল কোস্ট গার্ড


