বিজ্ঞাপন

ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট: থানায় মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে এক দুবাই প্রবাসীর বাড়িতে ভোরে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘরে থাকা দুই নারীকে অবরুদ্ধ করে রাখা হলে তারা কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

বুধবার সকালে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের ছাদেক নগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল দুবাই প্রবাসী রিদুয়ানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল এবং কয়েকজনের মুখ খোলা ছিল। তারা প্রথমে আশপাশের ঘরগুলো বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়, যাতে কেউ এগিয়ে এসে বাধা দিতে না পারে।

এরপর আধুনিক গ্রাইন্ডার মেশিন দিয়ে প্রবাসীর বসতঘরের দরজা-জানালা কেটে ভেতরে প্রবেশ করে তারা। এ সময় ঘরে থাকা প্রবাসীর মা বেনু (রেনু) আকতার ও প্রবাসী রিদুয়ানের স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণভয়ে তারা পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। সেখান থেকেই কৌশলে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

ভুক্তভোগী রেনু আকতার বলেন, সন্ত্রাসীরা আমাদের মোবাইল কেড়ে নেয় এবং আশপাশের ঘরগুলো তালাবদ্ধ করে দেয়। ছুরি নিয়ে হামলা করতে আসলে আমরা পাশের কক্ষে আশ্রয় নিই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। হামলাকারীরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। ঘরের ইটের দেয়ালও ভেঙে ফেলেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বেনু আকতার বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ভোরে ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ দুই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদকের বিরুদ্ধে সোচ্চার সোনারগাঁওয়ের কাবিলগঞ্জবাসী; হুমকির অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন