চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলা সদর ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদূরে ইটভাটা সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ জুলাই) ভোরের দিকে সংঘবদ্ধ একদল ডাকাত সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনের একটি বাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতি চালায়।
শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবির খান এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কে অবস্থান নিয়ে সড়কের ওপর গাছ ফেলে। প্রথমে তারা দামুড়হুদা দশমী গ্রামের নছর আলীর ছেলে ভ্যানচালক জুয়েলের পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা মহাসড়কে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট চালায়। এ সময় দামুড়হুদা মডেল থানার এসআই উত্তম ওই এলাকায় টহলরত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন : কৃষক কার্ডের মাধ্যমে নিশ্চিত হবে কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি: কৃষিমন্ত্রী


