চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দোলন কান্তি দে সুমন (৫২) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে। আহত মো. রুবেল (৩০) একই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক দোলন কান্তি দে সুমনের মৃত্যু হয়। অপর চালক রুবেল গুরুতর আহত হন।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু সাঈদ বাকের জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসসহ দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের এক স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

