আগামীকাল রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন চরমে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ৩৯ বছর বয়সি লিওনেল মেসি যখন আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন, তখন স্পেনের জার্সিতে দেখা যাবে ফুটবলের নতুন বিস্ময় ১৯ বছর বয়সি লামিন ইয়ামালকে।
দুই প্রজন্মের এই দুই তারকার বয়সের ব্যবধান ২০ বছর। ফাইনালের আগে তরুণ স্প্যানিশ উইঙ্গার ইয়ামালের প্রশংসা করেছেন মেসি।
ইয়ামাল সম্পর্কে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ফুটবলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, যাদের সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। তবে তার বয়স, এখন পর্যন্ত তার পারফরম্যান্স এবং ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করলে আমাকে যদি একজনকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি লামিন ইয়ামালকেই বেছে নেব। এতে কোনো সন্দেহ নেই, আমার চোখে এই মুহূর্তে সে-ই সেরা।’
শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে ইয়ামালের বর্তমান ফর্মের প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ‘এই মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, সে যেন নিজের সেরা খেলাটা খেলতে না পারে। স্পেনের দল অনেক শক্তিশালী, শুধু লামিনকে ঘিরেই নয়। তবে আমাদেরও নিজেদের শক্তি ও পরিকল্পনা রয়েছে।’
১৯ বছর বয়সি ইয়ামালকে একজন ‘বৈশ্বিক তারকা’ হিসেবে উল্লেখ করে মেসি আরও বলেন, ‘তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই। তবে এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
রোববার বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন মেসি ও ইয়ামাল। ৩৯ বছর বয়সি মেসির লক্ষ্য ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়, অন্যদিকে ২০ বছর পূর্ণ হওয়ার আগেই স্পেনের নতুন তারকা ইয়ামালের স্বপ্ন নিজের প্রথম বৈশ্বিক শিরোপা অর্জন।
পড়ুন: সারা দেশে টানা ৫ দিন বৃষ্টির আভাস
আর/


