পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, “খামারিদের উৎপাদন বৃদ্ধিতে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। খামারিদের প্রয়োজনীয় ওষুধ, ভেটেরিনারি সেবা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরলসভাবে কাজ করছে।”
রোববার (১৯ জুলাই) দুপুরে পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনাম বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নত জাতের পশুপালন, রোগ প্রতিরোধব্যবস্থা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, খামারিরাই দেশের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি। তাদের স্বার্থ রক্ষা করা এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। পটিয়ার কোনো খামারি যেন প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। খামারিদের যেকোনো সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কনক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসাইন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আবু তাহের, সিআইপি আবুল বশর, বিএনপি নেতা আবদুল মাবুদ, আবুল কাশেম, জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরী, জেলা কৃষকদলের সদস্যসচিব মীর জাকির আহমদ এবং সাবেক ছাত্রনেতা আবদুল বারেক প্রমুখ।
অনুষ্ঠান শেষে ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যদের মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
পড়ুন : জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


