বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নামকরণ করা হয়েছে। গণশুনানির পর নবগঠিত তিন ইউনিয়নের নতুন নাম ঠিক করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করে প্রস্তাব (রেজুলেশন) আকারে লিপিবদ্ধ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘বেতগাড়ী ইউনিয়ন’ করা হয়েছে। এছাড়া নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নতুন নাম ‘জগন্নাথপুর’ এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নতুন নাম ‘রহবল ইউনিয়ন’ করা হয়েছে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) রেজুলেশন পাস হওয়ার পর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ জুন জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম। এর মধ্যে ‘মীরবাড়ি’ নামটি সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। আর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে হুবহু মিলে যাওয়ায় স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
পড়ুন: শিরোপার লড়াইয়ে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
আর/


