সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত ইলিয়াস খান ওই গ্রামের সাত্তার খানের ছেলে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে রাসেল ও তাঁর কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, ইলিয়াসের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনিও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পড়ুন : টেস্ট-ওয়ানডেতে হারের পর জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
সা/


