টানা বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামের রাজাপুর-কহেলা এলাকার একমাত্র চলাচলের সড়কটির ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সড়কের ভাঙা অংশে স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে কোনো-রকমে চলাচল করলেও প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির পানি ও স্রোতে পিচ ঢালাই সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে প্রতিদিনের প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের সরু ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকা-বাসীর আশঙ্কা, বৃষ্টির কারণে সড়কের ভাঙন আরও বাড়লে সাঁকোটিও যেকোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য এলজিইডির সদর দপ্তরে আবেদন করা হয়েছে। অতি দ্রুত প্রয়োজনীয় মেরামত কাজ করা হবে।
স্থানীয়দের দাবি, টানা বৃষ্টিতে সড়কের ভাঙন আরও বাড়ার আগেই জরুরি ভিত্তিতে মেরামতের পাশাপাশি স্থায়ী সংস্কার করে দ্রুত যান চলাচলের উপযোগী করে দেওয়ার আহবান জানান তারা।
পড়ুন : সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর তাঁর ডান চোখ নষ্ট


