নওগাঁর পত্নীতলায় স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির আত্মসাৎ করা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকেরা। বুধবার (২২ জুলাই) দুপুরে নজিপুর পৌরসভার নতুনহাট চার রাস্তার মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী গ্রাহক মো. আবু বক্কর সিদ্দিক, মো. আসাফউদ্দৌলা চৌধুরী (টগর), রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবুসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২০ সালে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকায় ওবায়দুল ইসলাম নান্টু, আপেল মাহমুদসহ কয়েকজন মিলে স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড প্রতিষ্ঠা করেন। অধিক মুনাফার আশ্বাস দিয়ে তারা স্থানীয় মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা আমানত হিসেবে সংগ্রহ করেন। কিন্তু পরে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ কিংবা প্রতিশ্রুত লভ্যাংশ ফেরত চাইলে নানা অজুহাতে টালবাহানা শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অধিকাংশ গ্রাহক তাদের টাকা ফেরত পাননি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুক্তভোগীরা সমিতির সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ তরা হয়েছে। দ্রুত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
ভুক্তভোগী গ্রাহক আবু বক্কর সিদ্দিক জানান, তাঁর একার ১৬ লাখ টাকা আমানত রাখেন। এছাড়া আসাফউদ্দৌলা চৌধুরী (টগর), রোকছানা পারভীন লাকি, নূর ইসলাম বাবু, মিনা খাতুন, হবিবর রহমান, মুক্তি রানীসহ আরও অনেক গ্রাহক কয়েক লাখ টাকা করে সমিতিতে জমা রেখেছিলেন। তাদের দাবি, সব মিলিয়ে সমিতিতে কয়েক কোটি টাকার আমানত আটকে রয়েছে। বহু বছর ধরে টাকা ফেরত না পেয়ে চরম আর্থিক সংকটে রয়েছে পরিবারগুলো।
এ বিষয়ে স্বপ্ন ভূমি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়িকভাবে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এ কারণে নির্ধারিত সময়ে টাকা পরিশোধে সমস্যা হয়েছে। তবে আমরা গ্রাহকদের ধৈর্য ধরতে বলেছি এবং পর্যায়ক্রমে সবার পাওনা পরিশোধের চেষ্টা করছি। ইতোমধ্যে অনেক গ্রাহককে লভ্যাংশও দেওয়া হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙনরোধে শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা
ইমি/


