ঢাকার ধামরাই উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলক মান সনদ (বিএসটিআই লাইসেন্স) ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই ঢাকা আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার কালামপুর বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
জানা যায়, টাঙ্গাইল সুইটস অ্যান্ড বেকারি এবং হাবিব কসমেটিকস বাধ্যতামূলক বিএসটিআইয়ের মান সনদ ছাড়া ব্যবসা পরিচালনা করছিল। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী টাঙ্গাইল সুইটস অ্যান্ড বেকারিকে ৫ হাজার টাকা এবং হাবিব কসমেটিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক নাফিন শাহরিয়ার।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম শাহরিয়ার জানান, বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
পড়ুন : এমপি গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি আনোয়ারুল


