বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দিনের সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জনের ডানা মেলেছে গতকাল থেকেই। এর মাঝে বঙ্গভবন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তিনি আর থাকছেন না। অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠাতে পারেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন। চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।
এদিকে দায়িত্বশীল সূত্র জানায়, সরকার ও সরকারি দল বিএনপির উচ্চপর্যায় থেকে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। মনোনয়নে দেরি হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যে খুব শিগগিরই পদত্যাগ করছেন এটি নিয়ে আর কোনো সংশয় নেই।
সূত্রটি আরও জানায়, কে পরবর্তী রাষ্ট্রপতি পদে আসছেন এটি এখনই নিশ্চিত করে জানা যায়নি। তবে সাধারণত সরকারি দলের বিশ্বস্ত কেউ এই পদে নিয়োগ পেয়ে থাকেন।
আরেকটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী ৬ সেপ্টেম্বর রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসবে। সেখানেই নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।
নির্ভরযোগ্য দুটি সূত্রের একটিও নাম প্রকাশ করতে রাজি হয়নি।
পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


