নদী আর জীবিকার সংগ্রামে বেড়ে ওঠা। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা মান্তা সম্প্রদায়ের দুই তরুণ দারিদ্র্য ও নানা প্রতিকূলতা জয় করে উচ্চশিক্ষা অর্জন করেছেন।
নিজেদের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত দুই তরুণ হলেন মো. আবু বক্কর সিদ্দিক ও মো. বায়েজীদ হোসেন। তাঁদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মান্তা সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে ২৬ নভেম্বর সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। দীর্ঘদিন ধরে আর্থিক অসচ্ছলতা, জীবন-জীবিকার প্রতিকূলতা ও নানা সামাজিক সীমাবদ্ধতার কারণে এই জনগোষ্ঠীর অনেক সন্তান শিক্ষার মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত।
এমন বাস্তবতায় আবু বক্কর সিদ্দিক ও বায়েজীদ হোসেনের উচ্চশিক্ষা অর্জন ব্যতিক্রমী সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, মান্তা সম্প্রদায়ের সন্তানদের এমন অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে উপজেলা প্রশাসন পাশে থাকবে। পাশাপাশি দুই তরুণের ভবিষ্যৎ এগিয়ে নিতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সম্মাননাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনের এই সম্মাননা আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমাদের সম্প্রদায়ের অন্য সন্তানরাও যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় সচেতন মহলের মতে, এই দুই তরুণের সাফল্য মান্তা সম্প্রদায়ের অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তাঁদের অর্জন দেখে অন্য পরিবারগুলোও সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহী হয়ে উঠবে। একই সঙ্গে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
দারিদ্র্য ও প্রতিকূলতা যে শিক্ষার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না, তারই উজ্জ্বল দৃষ্টান্ত বাবুগঞ্জের এই দুই তরুণ। তাঁদের সাফল্য শুধু দুটি পরিবারের নয়, বরং পুরো মান্তা সম্প্রদায়ের নতুন প্রজন্মের সামনে সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে দিয়েছে।
পড়ুন : পাঁচবিবিতে কোদালের আঘাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার


