রাস্তায় পড়ে যাওয়া মাছ তুলতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় আবু বক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার নিমগাছী মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালে মৎস্যের আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। এ সময় তার বহন করা একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে সড়কে নামলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক ও হেলপাট পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
পড়ুন : রণক্ষেত্র দিল্লি: ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
সা/


