সিলেটের গোয়াইনঘাট উপজেলার বলেশ্বর গ্রামে একটি গরু ছিনতাই মামলার জেরে মামলার বাদী, সাক্ষী ও তাদের স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় একটি ট্র্যাক্টর জোরপূর্বক ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ মে ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে হাকুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কান্দিগ্রামের নিকলেস মাস্টারের বাড়ির সামনে বলেশ্বর গ্রামের গরু ব্যবসায়ী রুবেল আহমদ ও তাজ উদ্দিনের দুটি গরু এবং সঙ্গে থাকা ৭ লাখ ৪৯ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ২৪ মে ২০২৬ সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীরা একটি মামলা দায়ের করেন।
বাদীপক্ষের অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিল। তাদের দাবি, বাদী ও সাক্ষীদের হত্যার হুমকি, চলাচলে বাধা, কৃষিকাজে প্রতিবন্ধকতা, গবাদিপশুর চলাচলে বাধা, এমনকি মসজিদে নামাজ আদায়ে বাধা দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে একঘরে করার চেষ্টা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ জুলাই ২০২৬ সকাল ১১টার দিকে মামলার বাদী ও সাক্ষীরা বলেশ্বর গ্রামে নিজেদের জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষাবাদ করছিলেন। এ সময় মামলার আসামি ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাদী, সাক্ষী এবং তাদের সঙ্গে থাকা কয়েকজন স্বজন আহত হন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার সময় রুবেল আহমদের একটি ট্র্যাক্টর জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় ভুক্তভোগীরা গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পড়ুন : কালিয়াকৈরে ব্যবসায়ীকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ


