জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তাঁর ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠার একদিনের মাথায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গভীর রাতে ক্যাম্পাসে তাঁর ছোট ভাই, হবু স্ত্রী এবং ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থানকালে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কোনো ধরনের কারণ না দেখিয়েই তাঁর ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাঁকে মারধর করেন এবং বলেন, “আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব।” হামলার সময় তাঁর হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাঁকেও আঘাতের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া বহিষ্কৃত শের আলীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

