ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
তাসনিমের বরাতে আল জাজিরা জানায়, খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে টানা ১৩তম রাতের মতো সামরিক অভিযান পরিচালনা করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রতি ইরানের হুমকি কমানোর উদ্দেশ্যেই এসব অভিযান পরিচালিত হচ্ছে।
সেন্টকম আরও জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মার্কিন সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করছে।
পড়ুন: ওমরাহ পালনে গিয়ে সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা ও দুই সন্তানের
আর/


