সৌদি আরবের সঙ্গে বহুল আলোচিত পারমাণবিক সহযোগিতা চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদ যদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ঐতিহাসিক ‘আব্রাহাম আকর্ডসে’ সই না করে, তবে ওয়াশিংটনের সঙ্গে প্রস্তাবিত এই পারমাণবিক চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পারমাণবিক চুক্তিটি কেবল বেসামরিক ব্যবহারের জন্যই অনুমোদিত হবে। এর পূর্ণ বাস্তবায়ন সম্পূর্ণরূপে নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম আকর্ডসে যোগ দেয়ার ওপর।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলাইন লিভিট বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তবে পারমাণবিক চুক্তিটি বাতিল বলে গণ্য হবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আব্রাহাম আকর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তির ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হবে।
এর আগে গত বুধবার (২২ জুলাই) দুই দেশের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণের প্রাথমিক সমঝোতার কথা জানানো হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ট্রাম্পের শর্ত আরোপের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়ায় নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হলো
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট পথনকশা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরেই অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পড়ুন : লোহিত সাগরে সৌদির দুই জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা


