পাবনার সাঁথিয়া পৌর এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের জুমার নামাজে ইমামতি করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-ই-ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাতের ঠিক আগ মুহূর্তে পৌর এলাকার আফতাবনগর বাজার জামে মসজিদের ভেতরে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করতে চান। ইতিপূর্বে গত শুক্রবারেও স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকদের বাধার কারণে তিনি সেখানে ইমামতি করতে পারেননি। আজ জুমার খুতবা শুরুর মুহূর্তে তিনি ইমামতি করতে গেলে মসজিদে উপস্থিত বিএনপি কর্মী-সমর্থকরা পুনরায় বাধা দেন।
একপর্যায়ে মসজিদের ভেতরেই দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে নিয়োজিত পুলিশ সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে মসজিদের নির্ধারিত নিয়মিত ইমামের ইমামতিতেই জুমার নামাজ সম্পন্ন হয়।
সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি করিম অভিযোগ করে বলেন, দলীয় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াত এমপি অনাকাঙ্ক্ষিতভাবে এ পরিস্থিতির সৃষ্টি করেছেন। তিনি মাইক্রোফোন নিয়ে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন, যাতে কেউ বাধা দেয়নি। কিন্তু তিনি খুতবা পাঠ ও ইমামতির ঘোষণা দিলে স্থানীয়রা আপত্তি জানান। এসময় জামায়াত-শিবির ও এনসিপি কর্মীরা উসকানিমূলক আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে পাল্টা অভিযোগ এনে সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, আমি ক্ষমতা প্রদর্শনের জন্য যাইনি, বরং স্থানীয় সাধারণ মুসল্লিদের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বহিরাগত লোক এনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনা ঘটতে পারে—এমন আগাম খবরের ভিত্তিতে আগেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। নামাজের আগ মুহূর্তে মসজিদের ভেতরে কিছুটা কথা-কাটাকাটি ও হাতাহাতি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পড়ুন : বিআইডব্লিউটিসি’র নতুন চেয়ারম্যান হলেন নেত্রকোনার ড্যানী


