চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। গরুর মালিক আবুল কাশেমের ছেলে মো. সোহেল সম্প্রতি ব্যাংকের চাকরি হারিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি গরু চুরি করে নিয়ে যায়।
কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পড়ুন : কলমাকান্দায় আগুনে পুড়ল ৭ দোকান, প্রায় কোটি টাকার ক্ষতির শঙ্কা


