দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। নতুন এ দাম গত ২৪ জুলাই সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সেই অনুযায়ী আজ রোববার (২৬ জুলাই) সারা দেশে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যোগ হবে। এছাড়া স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে এখন পর্যন্ত ৯৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে, ৪৮ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
ইমি/


