২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই হজে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী রোববার (২৬ জুলাই) এ সময়সূচি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বা বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে এর আগে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন করা বাধ্যতামূলক।
যেভাবে করা যাবে নিবন্ধন
সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ইউজার তৈরি করে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিয়ে নিবন্ধন করতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে পাওয়া যাবে।
যারা হজে যেতে পারবেন না
১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না। এছাড়া হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক ব্যাধি, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগীরা হজে যেতে পারবেন না।
এ ছাড়া যক্ষ্মা, হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাস বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা ফিটনেস সনদ পাবেন না।
প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট থাকতে হবে।


