বিএনপিকে ফ্যাসিবাদী বলে যারা মন্তব্য করেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল। আজ সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে বিএনপি সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছে। একবার নয়, পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে দলটি।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে দল।
তিনি আরও বলেন, এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগও নেওয়া হবে, যাতে কৃষকের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।
পড়ুন: মাইক্রোপ্লাস্টিকের অদৃশ্য স্বাস্থ্যঝুঁকি, কী বলছে সাম্প্রতিক গবেষণা?
আর/


