গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের সিনাবহ রোডের মাথায় ২৫ কার্টন নকল স্যালাইন বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি মামুন (৪০)। তিনি কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন সফিপুর বাজারের সিনাবহ রোডের মাথায় অবস্থিত মায়ের দোয়া পাইকারি দোকানে ২৫ কার্টন স্যালাইন বিক্রির উদ্দেশ্যে আসেন।
স্যালাইনগুলো নকল বলে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে হেফাজতে নেয়। এ সময় তার কাছে থাকা ২৫ কার্টন স্যালাইন জব্দ করা হয়। সেগুলো আসল নাকি নকল, তা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় মামুন নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্যালাইনগুলো নকল কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া হবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পড়ুন : ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার
সা/


