জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের আওতাধীন যানবাহনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য Vehicle Tracking Service (GPS) চালু হচ্ছে। যানবাহনের নিরাপত্তা বৃদ্ধি, গতি নিয়ন্ত্রণ, যাত্রাপথের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং আধুনিক ডিজিটাল ফ্লিট ম্যানেজমেন্ট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জিপিএস ট্র্যাকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান Obhai Solutions Ltd-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য বলেন, এ ধরনের পরিষেবামূলক চুক্তির যথাযথ বাস্তবায়ন সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনের ভিত্তিতেই এ চুক্তি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সময় ও আর্থিক সাশ্রয় নিশ্চিত করা গেলে এ উদ্যোগ সফল হবে।
তিনি আরও বলেন, গত ২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অনেক পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজ সুচারুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি যাতে না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপাচার্য জানান, জিপিএস ট্র্যাকিং সেবা ব্যবহারের জন্য একটি ইউজার গাইড প্রস্তুত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেবাটি নিয়মিত মনিটরিংয়ের জন্য একজন ফোকাল পয়েন্টও নির্ধারণ করা হবে। এতে সেবা ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেবা প্রদান সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, এ সেবার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে। সীমিত সম্পদের যথাযথ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, এ সেবা চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা অনেকাংশে লাঘব হবে। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি উপাচার্যকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে Obhai Solutions Ltd-এর কর্মকর্তারা প্রজেক্টরের মাধ্যমে Vehicle Tracking Service (GPS) সিস্টেমের কার্যক্রম ও অ্যাপ ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তারা জানান, অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করা যাবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিটি রুট অনুযায়ী শিক্ষার্থীদের পৃথক আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে।
শিক্ষার্থীরা নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপে লগইন করে তাদের নির্ধারিত বাসের বর্তমান অবস্থান ও যাত্রাপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারবেন। এর মাধ্যমে বাসের গতিবিধি পর্যবেক্ষণ, গতি নিয়ন্ত্রণ, যাত্রাপথের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ফ্লিট ম্যানেজমেন্ট ব্যবস্থা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় কমিটির অন্যান্য সদস্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। বিভিন্ন অনুষদের ডিনরাও পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও জিপিএস ট্র্যাকিং সেবা চালুর বিষয়ে তাঁদের মতামত দেন।এ ছাড়া বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা সমিতির সভাপতি এবং জকসুর পরিবহন বিষয়ক সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন এবং Obhai Solutions Ltd-এর পক্ষে প্রতিষ্ঠানটির জিএম মোঃ মহিউদ্দিন আহমদ স্বাক্ষর করেন।
পড়ুন : সুনামগঞ্জে বাবার পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার


