উত্তরার জসিমউদ্দিন এলাকায় সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে আতশবাজি ফোটানোর ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জসিমউদ্দিন ও রাজলক্ষ্মীর মাঝামাঝি সিয়াম টাওয়ারের সামনে ১০ মিনিটের ব্যবধানে পরপর দুটি ফটকা ফোটানো হয়। সামান্য ধোঁয়ার সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলযোগে আসা কয়েকজন যুবক-যুবতী সড়কে ফটকা ফোটান। তাদের কথাবার্তায় বোঝা যায়, তাদের মধ্যে একজনের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে ফটকা ফুটিয়ে তারা সড়কে আনন্দ-উল্লাস করে।
এদিকে স্থানীয় ভবন মালিকরা বলছেন, ঘটনার সত্যতা যাচাই-বাছাই না করেই একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
পুলিশ সূত্রে জানা যায়, জন্মদিনে আতশবাজি ফুটিয়ে কয়েকজন যুবক আনন্দ-উল্লাস করেন। একপর্যায়ে তারা জসিমউদ্দিন এলাকায় ফটকা ফুটিয়ে উল্লাস করতে থাকে। তবে সড়কে এ ধরনের উগ্রতাকে তারা কখনোই সমর্থন করেন না।
এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সড়কে ফটকা ফোটানোর খবর পেয়ে রাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সিসিটিভি ফুটেজ দেখে এর সঙ্গে কারা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
পড়ুন : সুনামগঞ্জে বাবার পাশ থেকে নিখোঁজ ১১ মাসের শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার


