মেহেরপুর শহরের গিয়াস মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাইসেন্স না থাকা, খাবার সংরক্ষণে অনিয়ম এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে এ জরিমানা করা হয়।
সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, স্যানিটারি অফিসার, জেলা ক্যাবের সভাপতি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, স্বাস্থ্যবিধি অনুসরণ না করে খাদ্য সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৩০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি ভোক্তাদের খাদ্যপণ্য কেনার সময় রশিদ সংগ্রহ এবং কোনো অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান।
পড়ুন : নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু


