ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাড়ির উঠোনে থামিয়ে রাখা ইজিবাইকে বন্ধুদের সঙ্গে খেলার সময় চাকায় পিষ্ট হয়ে তানহা নামে দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ সোমবার (২৭ জুলাই) বিকাল ৫টার দিকে হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু তানহা ওই গ্রামের ইজিবাইক চালক মিরাজ হোসেনের মেয়ে।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, বিকালে বাড়ির উঠানে রাখা বাবার ইজিবাইকে বসে তানহা সহ কয়েকজন শিশু খেলা করছিল। অসাবধানতা বসত গাড়ীতে রাখা চাবির মাধ্যমে স্টার্ট হয়ে পিছনের দিকে ইজিবাইকটি চলতে শুরু করে। এ সময় তানহা ইজিবাইক থেকে নেমে দৌড় দিলে চাকার নিচে চাপা পড়ে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তানহা কে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার ফারিহা জানান, শিশু তানহাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসিত কুমার রায় বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। এখনো এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। নিহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : চরফ্যাশনে পুকুরে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া


