জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। তিনি বলেন, ইসিকে স্বাধীনভাবে চোখ-কান খুলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলের সঙ্গে থাকা অবস্থায় তাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে।
তিনি বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের সেই পদের জন্য নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ইসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে জামায়াত। ইসি বিষয়টি আমলে নিয়ে আলোচনার কথা বলেছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন তিনি। তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।


