মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রতিশ্রুতি ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ জনসভায় বৃষ্টিকে উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বাগোয়ান ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মশিউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসলাম আলী।
বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অঙ্গীকার এবং জনগণের প্রত্যাশা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখারও আহ্বান জানান বক্তারা।
জনসভায় বক্তারা বিভিন্ন রাজনৈতিক বিষয় তুলে ধরার পাশাপাশি স্থানীয় উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন। তারা দাবি করেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করা সম্ভব হবে।
বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ছাতা, রেইনকোট ও প্লাস্টিকের আশ্রয়ে অনুষ্ঠানস্থলে অবস্থান করেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তাদের উপস্থিতি জনসভাকে প্রাণবন্ত করে তোলে। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং জনগণের কাছে দলের রাজনৈতিক বার্তা ও নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

