মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টা ৫৫ মিনিটে ১১ সদস্যের দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। পরে তারা উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবে। পাশাপাশি ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখার কথা রয়েছে।
সফরকালে মার্কিন প্রতিনিধিদল রোহিঙ্গাদের জীবনযাত্রা এবং তাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। এ ছাড়া বিকেল ৫টায় কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এর আগে তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসেন সার্জিও গোর। ওই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং মানবিক সহায়তা বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন: লোকসভায় প্রতিবেদন: শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন খতিয়ে দেখছে ভারত
আর/


