জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমানে বিএনপি যেভাবে এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে সাম্প্রতিক মামলা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং দলটিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা চলছে।
তিনি বলেন, “আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসলে ছিনতাই একটা হয়েছে, তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের ছিনতাই হয়েছে। তবে সেটি তাদের নিজেদের কর্মকাণ্ডের কারণেই হয়েছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই।”
ছাত্রদলের সমালোচনা করে সারজিস আলম বলেন, “যারা ছাত্রদলের হয়ে এটা করেছে, তারা কতটা অথর্ব হলে এত মান-সম্মান হারানোর পরও এমন কাজ করে, যা মানুষের কাছে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায়। এটিই তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থার পরিচয়।”
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, “বর্তমানে বিএনপি যেভাবে আমাদের বাধা দেওয়ার, প্রতিরোধ করার এবং গলা টিপে ধরার চেষ্টা করছে, সেটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। তাদের যা ছিল, এরা সেটুকুও দেখাতে পারছে না।”
মামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “এখন আমি শুধু ভাবি, যেখানে মামলাটি নেওয়া হয়েছে এবং যিনি এটি লিখেছেন, তাকেও হয়তো বাধ্য করা হয়েছে। মনে মনে হয়তো তিনিও যারা তাকে এ কাজ করতে বাধ্য করেছেন, তাদের প্রতিই ক্ষুব্ধ ছিলেন।”


