বর্তমান সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের জানুয়ারির আগে দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বাস্তবসম্মত হবে না বলে মত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। রাত ৮টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক সূত্র জানায়, সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ও এর সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কোনো ব্যক্তির নাম প্রস্তাব বা চূড়ান্ত করা হয়নি। বৈঠকে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমার আগেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা সম্ভব কি না, সে বিষয়ে মতামত তুলে ধরেন।
বৈঠকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের ওপর ন্যস্ত করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতিও বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দ্রুত সময়ের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশ্বাস দেন।
এ ছাড়া চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়েছে বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।
পড়ুন: ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন ট্রাম্প
আর/


