মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে স্কুল ফিডিং কার্যক্রমে ব্যবহৃত স্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমির হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা রামনগর গ্রামের বাজারপাড়ার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত স্যালো ইঞ্জিনচালিত গাড়ির ওপর উঠে খেলছিল আমির হামজা। এ সময় চালক অসাবধানতাবশত গাড়িটি চালিয়ে দিলে সে নিচে পড়ে যায়। পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত বামন্দীর ফজলুর ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
ইমি/


