আজ ৩ আগস্ট ২০২৬ ঢাকাই সিনেমার জন্মদিন। ১৯৫৬ সালের এই দিনে ঢাকার রূপমহল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল দেশের প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এই ঐতিহাসিক চলচ্চিত্রের হাত ধরেই ঢালিউডের সুসংগঠিত ও নিজস্ব পথচলা শুরু হয়।
লাল-সবুজের বাংলায় চলমান চিত্রের ইতিহাস শতবর্ষ পুরনো। ১৯০১ সালের আগেই বিভিন্ন নাটকের চিত্রগ্রহণ করে প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন বাঙালি হীরালাল সেন। তবে চলচ্চিত্র নির্মাণের সূচনা হয় ১৯২৭-২৮ সালের দিকে। ঢাকার নবাব পরিবারের কয়েজন তরুণ মিলে ‘সুকুমারী’ নির্মাণ করেন। সেটা অবশ্য ছিল নির্বাক ছবি।
৭০ বছর আগে এই দিনে ঢাকার রূপমহল সিনেমা হলে উদ্বোধন করা হয়েছিল ‘মুখ ও মুখোশ’-এর। উদ্বোধন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক।
এই চলচ্চিত্রের পেছনেও রয়েছে এক চ্যালেঞ্জের গল্প। ১৯৫৩ সালে পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক সভায় বলা হয়েছিল, এ অঞ্চলের আর্দ্র আবহাওয়ায় চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। সেই বক্তব্যের প্রতিবাদ করে আবদুল জব্বার খান ঘোষণা দেন, তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণ করে দেখাবেন। সেই চ্যালেঞ্জ থেকেই বাস্তবে রূপ নেয় ‘মুখ ও মুখোশ’।
পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নিজের লেখা ‘ডাকাত’ নাটক অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেন আবদুল জব্বার খান। কলকাতা থেকে পুরোনো একটি আইমো ক্যামেরা ও সাধারণ একটি টেপরেকর্ডার এনে শুরু হয় কাজ। নারী শিল্পীর অভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিনেত্রী খুঁজে নেওয়া হয়। বুড়িগঙ্গার ওপারের কালীগঞ্জ, লালমাটিয়া, তেজগাঁও, জিঞ্জিরা ও টঙ্গীর তুরাগ নদীর তীরে ছবিটির শুটিং সম্পন্ন হয়। ১৯৫৫ সালের ৩০ অক্টোবর শুটিং শেষ হওয়ার পর সম্পাদনা ও প্রিন্টের কাজ করা হয় লাহোরের শাহনুর স্টুডিওতে।
এই সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন সমর দাস। কণ্ঠ দেন মাহবুবা হাসনাত ও আবদুল আলীম, আর নৃত্য পরিচালনায় ছিলেন গওহর জামিল।
এদিকে ‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর পূর্তি উপলক্ষে গতকাল চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। এতে স্থান পায় বাংলাদেশের বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য চলচ্চিত্রের পোস্টারের পাশাপাশি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দর্শকনন্দিত সিনেমাগুলোর পোস্টারও।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহেল আরমানসহ চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্টজনেরা।
এছাড়া ‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উপলক্ষ্যে আজ সকালে এফডিসিতেও আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। যদিও সে অনুষ্ঠানের পোস্টারের ভুল নিয়ে গতকাল থেকেই সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন চলচ্চিত্রের ১৯ সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্র জয় চৌধুরী।
পড়ুন : ৩ আগস্টের সেই ‘১ দফা’: যে ঘোষণায় এক হয়েছিল গোটা দেশ
সা/


