জনগণের দোরগোড়ায় সরকারি সেবা নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দিনব্যাপী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সোমবার (৩ আগস্ট) তিনি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভিটাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ৬৮ নম্বর ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দেউলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে মহাজনের বাড়ি পর্যন্ত জার্মান খাল ও চরখালী খালের পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক স্বাস্থ্য, ভূমি ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং নাগরিকসেবার পরিবেশ পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনের সময় তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি বলেন, খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন হবে। এজন্য প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে।
দিনব্যাপী এ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবার মান উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পের গুণগত বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু


