ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিবিরোধী বিধি লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। ২৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনারের নিষেধাজ্ঞা ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। ওই দিনই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের তদন্তে উঠে আসে, ২০২৫ সালের আবুধাবি টি-টেন টুর্নামেন্ট ঘিরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন অখিলেশ। তদন্ত শেষে তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধির তিনটি ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো দিক অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা কিংবা এমন ষড়যন্ত্রে অংশগ্রহণ।
অন্য কোনো ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিং বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে উৎসাহ, প্ররোচনা বা সহায়তা করা।
দুর্নীতি দমন ইউনিটের তদন্তে বাধা দেওয়া এবং তদন্তসংশ্লিষ্ট তথ্য ও মোবাইল ফোনের বার্তা মুছে ফেলা।
যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অখিলেশ রেড্ডি। তিনি ব্যাটিংয়ের সুযোগ পাননি এবং বল হাতে নিয়েছেন মাত্র একটি উইকেট।
আইসিসি জানিয়েছে, ক্রিকেটে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
পড়ুন : প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদের তিন রূপ দেখলেন মরিনহো
সা/


